আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু আরোগ্য কামনায় আজ শুক্রবার ময়মনসিংহ শহরের বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ বিশেষ মোনাজাতের আয়োজন করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ হাফিজুর রহমান।

ময়মনসিংহ বড় মসজিদ, সদর উপজেলা পরিষদ মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে বাদ জুমা আয়োজিত এ বিশেষ মোনাজাতে ওবায়দুল কাদের ছাড়াও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের দ্রুত রোগমুক্তি কামনা করা হয়। এছাড়া প্রয়াত সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের রুহের মাগফিরাত কামনা করা হয়।

ময়মনসিংহ বড় মসজিদে দোয়া মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মো. আব্দুল হক। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারাসহ জুমার নামাজে আগত মুসল্লিরা অংশ নেন। মোনাজাতের পর তাবারক হিসেবে মুসল্লিদের মধ্যে জিলাপি বিতরণ করা হয়। 

ইউএনও শেখ হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আজ সকাল সাড়ে ১০টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়। তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। বিএসএমএমইউর উপাচার্য  কনক কান্তি বড়ুয়া দুপুরে সাংবাদিকদের জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।