সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিশ্বনেতাদের অনেকে শোক জানিয়েছেন। ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীনসহ জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে শোক জানানো হয়।

শোক জানিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংসহ বিভিন্ন দেশের নেতারা। শোকবার্তায় তারা খালেদা জিয়ার সরকারের সময় দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্কের কথাও তুলে ধরেন। শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকায় মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সব মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা। এ শোকাবহ ক্ষতি সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান তার পরিবারকে দেন।’

ভারতের প্রধানমন্ত্রী আরো লেখেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়নে, পাশাপাশি ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সব সময় স্মরণ করা হবে।’

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক্সে দেয়া এক বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় আসিফ আলী জারদারি লেখেন, ‘খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তার আত্মার শান্তি কামনা করছি।’ এছাড়া শোক প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদানের কথাও স্মরণ করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে গতকাল পাঠানো এক শোকবার্তায় তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। সেই সঙ্গে চীনের পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও খালেদা জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানান।

লি কিয়াং লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে আমি গভীরভাবে শোকাহত। চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার এবং খালেদা জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছি।’

ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল সকাল ১০টা ৩৫ মিনিটে দেয়া এক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এতে বলা হয়, খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে তার নেতৃত্ব বিশেষ ভূমিকা রেখেছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নও গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশে জাতিসংঘের দপ্তর এক বার্তায় জানায়, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে আমরা গভীর শোকাহত। শোকাবহ এ পরিস্থিতিতে আমরা সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং তার প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। এ সময়ে আমরা বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সংহতি প্রকাশ করছি।’

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসও ফেসবুক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।