ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় দুই বাসের প্রতিযোগিতায় মেহেদী হাসান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে বাস দুটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত মেহেদী হাসান রাজধানীর ডেমরা থানার থুলথুলিয়া এলাকার মো. মাজেদ ওরফে বাহারুলের ছেলে। তিনি পেশায় ইলেকট্রেশিয়ান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন জানান, সকালে আলীনুর পরিবহনের দুই বাস প্রতিযোগিতা করে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিল। এ সময় দুই বাসের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী মেহেদীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
লিফটের গর্তে পড়ে প্রাণ গেল শিশুর: আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য তৈরি গর্তে জমে থাকা পানিতে পড়ে ফাতেমা নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা। গতকাল দুপুরে আশুলিয়ার পানধোয়া এলাকার রোজ কনস্ট্রাকশন হোমস লিমিটেড নামে একটি ভবনে এ ঘটনা ঘটে।










