ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ডাউন লাইনে রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। আজ শুক্রবার বিকালে দুর্ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রলিটি উদ্ধার করা হলে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকাল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি জানান, দুর্ঘটনার পরপরই রেলকর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাইনচ্যুত ট্রলিটি উদ্ধার করা হয়। এরপর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ পাশা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আখাউড়া রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।










