দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জে গতকাল সকালে বাসচাপায় সিএনজি অটোরিকশায় থাকা মা-মেয়ের মৃত্যু হয়। কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুজন নিহত হয়েছে। রাজবাড়ীতে বুধবার রাত ১২টার দিকে মাটিবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলায় বাসচাপায় সিএনজি অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। গতকাল সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুরের মাদলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার খুকনী জুগীপাড়ার বাবলু মিস্ত্রির স্ত্রী মিতু বিশ্বাস (২৭) ও শিশুকন্যা ইচ্ছা বিশ্বাস (৪)। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান, সকালে পাবনা থেকে শাহজাদপুর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। এ সময় মহাসড়কের মাদলায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় বাসটি। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে থাকা দুই যাত্রী মিতু বিশ্বাস ও তার শিশুকন্যা ইচ্ছা বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চালকসহ আরো চারজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠিয়েছে।
কক্সবাজার: জেলার রামু উপজেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন। সকাল সাড়ে ৭টায় রামুর পানিরছড়া মামুন মিয়ার বাজার এবং সকাল ৮টায় জোয়ারিয়ানালা বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব নোনাছড়ি এলাকার আনোয়ার মিয়ার ছেলে মো. শাহেদ রানা (১৪) ও রশিদনগর ইউনিয়নের পূর্ব হামিরপাড়া গ্রামের মো. বাবুলের ছেলে সাইফুল ইসলাম (৩০)। মো. শাহেদ রানা জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। এর আগে সকাল সাড়ে ৭টায় পানিরছড়া মামুন মিয়ার বাজারে মাহিন্দ্রা অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে সাইফুল ইসলাম নামের একজন নিহত হন। তিনি মাহিন্দা গাড়ির যাত্রী ছিলেন। এ ঘটনায় আশরাফ ও আবদুর রহমান নামে আরো দুই যাত্রী আহত হয়েছেন।
রাজবাড়ী: জেলায় মাটিবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে গোয়ালন্দ উপজেলার নবুওসিমদ্দিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম মমিন (৩২) ও সাইফুল ইসলাম সুমন (২৭)। তাদের বাবা মোকসেদ আলী সরদার বলেন, ‘বৃহস্পতিবার মেঝ ছেলে শামিম আর শুক্রবার ছোট ছেলে সুমনের বিয়ের দিন ধার্য ছিল। ছোট দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে আসছিল বড় ছেলে মমিন। বেশি রাত হওয়ায় সুমন দৌলতদিয়া ঘাট থেকে তাকে আনতে যায়। দুই ভাই দৌলতদিয়া ঘাট থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় মোকবুলের দোকান এলাকায় এলে মাটিবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়।’










