ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাপালী গ্রামের দাউদ হোসেন ও আব্দুস সাত্তার পরিবারের মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলছে। গতকাল দাউদ হোসেন ও তার পরিবারের সদস্যরা জমির দখল নেয়ার জন্য সীমানা দিতে যায়। এ সময় অন্য পক্ষের আব্দুস সাত্তার ও তার পরিবারের সদস্যরা বাধা দেয়। এতে দুই পরিবারের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।