বাগেরহাটের মোরেলগঞ্জ ও চিতলমারী উপজেলায় পৃথক নির্বাচনী সহিংসতায় ইউপি সদস্য প্রার্থীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সকালে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কাননচক বাজারে এবং মঙ্গলবার রাতে মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামে এসব ঘটনা ঘটে।
মঙ্গলবার রাত ১১টার দিকে পঞ্চকরণ ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য প্রার্থী নুরুল আমিন শিকদারের বাড়িতে হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক তালুকদার ও তার সমর্থকরা। এতে নুরুল আমিন শিকদার গুরুতর আহত হন।
এদিকে গতকাল বেলা ১১টার দিকে চিতলমারীর কাননচক বাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন সিদ্দিকীর কর্মীদের ওপর হামলা করেন নৌকা প্রতীকের প্রার্থী বাদশা শেখের সমর্থকরা। এতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নাজু শেখ (৪০), তাসেক
শেখ (৫০) ও রুবেল শেখ (৪২) আহত হয়। স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন সিদ্দিকী বলেন, আমি এ হামলার সুষ্ঠু বিচার চাই।
এদিকে বাদশা শেখ দাবি করেছেন, মারামারির ঘটনায় হাফিজ শেখ (৩৫) এবং আল আমিন শেখ (২০) নামে তার দুই কর্মী আহত হয়েছেন। তাদের টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক বলেন, এ ব্যাপারে কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।










