বগুড়ায় চাকরি দেয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় জনতা ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে কুড়িগ্রাম জেলা থেকে রিজওয়ানুল নামের ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম জনতা ব্যাংকের করপোরেট শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।

বগুড়া সদর থানা পুলিশ জানায়, ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত চারটি মামলা করেন ভুক্তভোগীরা। এসব মামলায় গত বছর ওয়ারেন্ট (গ্রেফতারি পরোয়ানা) জারি হওয়ার পর থেকে পুলিশ তাকে খুঁজছিল। গ্রেফতারকৃত রেজওয়ানুলের বাড়ি বগুড়া শহরের উপশহরে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাকির আল আহসান জানান, প্রায় চার বছর ধরে তিনি পলাতক ছিলেন। রিজওয়ানুল ইসলামের বিরুদ্ধে চারটি মামলায় ওয়ারেন্ট জারি হয়েছে। এসব মামলায় চাকরি দেয়ার নামে অন্তত ৫০ লাখ টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ রয়েছে। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার সন্ধ্যায় জনতা ব্যাংকের করপোরেট শাখা থেকে গ্রেফতার করে বগুড়া সদর থানায় নেয়া হয়।