সুন্দরবন ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও তার সন্তানরা। শুক্রবার দুপুর ১২টায় সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজলে আসেন তিনি। এ সময় তার সঙ্গে দুই সন্তান ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা ছিলেন। সন্তানদের নিয়ে ২ ঘণ্টার বেশি সময় সুন্দরবন ঘুরে দেখেন তিনি। করমজলে থাকা বানর, হরিণ, কচ্ছপ বাটাগুর বাসকা, কুমির ও কুমিরছানা দেখে আনন্দ প্রকাশ করেন পুতুলের সন্তানরা। সুন্দরবন ও করমজলের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন অটিজমবিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির সংবাদমাধ্যমকে বলেন, ‘করমজলে অবস্থানকালে সায়মা ওয়াজেদ পুতুল ও তার সন্তানরা সুন্দরবনের ম্যাপ, কুমির, বানর, কচ্ছপ ও হরিণ দেখেন। সব মিলিয়ে তিনি সুন্দরবন ভ্রমণ করে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া বন বিভাগ ও সুন্দরবন পূর্ব বন বিভাগকে ধন্যবাদ দিয়েছেন তিনি।’










