রাজশাহী নগরীতে অপহরণের শিকার দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নগরীর পবা থানার ভালাম এলাকা থেকে চার যুবককে গ্রেফতার করে শাহমখদুম থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন শাহমখদুম থানার খিরশিন টিকর দাঁড়ার ধারের শাহজাহান আলীর ছেলে রাজু ইসলাম (২৬), একই এলাকার মোজদার আলীর ছেলে সজিবুল ইসলাম (২৬), সাইদুল ইসলামের ছেলে মো. শাকিল (২৩) ও খিরশিন টিকর ফকিরপাড়ার জাক্কার আলীর ছেলে মোখলেছুর রহমান (২৬)।

ওই রাতেই উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার ১২ ও ১৩ বছর বয়সী দুই শিশুকে। তাদের একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে ও অন্যজনের রাজশাহীতে।

অপহৃত দুই শিশু চাঁপাইনবাগঞ্জের নাচোলের বাসিন্দা ও খেলনা ব্যবসায়ী মনিরুল ইসলামের (৪০) কাছে থেকে খেলনা কিনে বিভিন্ন স্থানে বিক্রি করত। গত বুধবার (১৪ ডিসেম্বর) নগরীর মুশরইল মানিক শাহ মাজারে ওরশ অনুষ্ঠানে খেলনা বিক্রি করতে এসেছিল তারা।

সেখান থেকে বাড়ি ফেরার পথে গতকাল দুপুরের দিকে নগরীর সিটিহাট এলাকা থেকে তাদের অপহরণ করে চক্রটি। পরে অপহৃত এক শিশুর মোবাইল থেকে খেলনা ব্যবসায়ী মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ চায় অপহরণকারীরা। এই ঘটনায় মনিরুল ইসলাম মামলা দায়ের করেন।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার বেলা ২টার দিকে সিটিহাট এলাকা থেকে ৭-৮ জনের একটি দল জোর করে ওই দুই শিশুকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

এরপর একজন ফোন করে দোকান মালিক মনিরুলের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা নিয়ে সিটিহাট মোড়ে আসতে বলে অপহরণকারীরা।

মনিরুল ইসলাম সিটিহাট মোড়ে এসে মোবাইল ফোনে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করেন। ওই সময় তাকে খড়খড়ি যেতে বলা হয়। সেখানে তাকে রামচন্দ্রপুর যেতে বলা হয়।

শেষে এ নিয়ে নগরীর শাহমখদুম থানায় অভিযোগ দায়ের করেন মনিরুল ইসলাম। এরপর অপহরণের শিকার দুই শিশুকে উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে পুলিশ। গতকাল দিবাগত রাত সোয়া ২টার দিকে নগরীর পবা থানার ভালাম (ভবানীপুর) এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই বাড়ি থেকেই উদ্ধার করা হয় অপহরণের শিকার দুই শিশুকে।

সেখান থেকে গ্রেফতার করা হয় অপহরণে যুক্ত চারজনকে। এই ঘটনায় আরো কয়েকজন জড়িত। তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।