দিনাজপুরের হিলিতে কিশোরীকে বিয়ে দেয়ার অপরাধে মা জোসনা বেগম ও ভাই সোহাগ হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এ কারাদণ্ড দেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম জানান, শুক্রবার রাতে হিলির বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম নামক গ্রামে ১৬ বছরের এক কিশোরীকে বিয়ে দেয়া হয়েছে—এমন খবরের ভিত্তিতে গতকাল সে বাড়িতে অভিযান চালানো হয়েছে। এ সময় ওই কিশোরীর বিয়ের বয়স প্রমাণের কোনো কাগজপত্র দেখাতে পারেনি তার অভিভাববক। এ সময় অপরাধ স্বীকার করায় ও বয়স না হওয়ার পরও বিয়ে দেয়ার অপরাধে ওই কিশোরীর মা জোসনা বেগম ও ভাই সোহাগ হোসেনকে বাল্যবিবাহ নিরোধ আইনের ৮ ধারা মোতাবেক ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরে পুলিশ তাদের প্রক্রিয়া শেষে দিনাজপুর কারাগারে পাঠায়।