অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুরুতেই বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে হার দিয়ে সূচনা করে বাংলাদেশ দল। এবার দারুণ এক জয়ে সেই হতাশা ভুলল যুবারা। গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডের ছুড়ে দেয়া ২৩৬ রানের টার্গেটে দাপটে জয় তুলে নিল বাংলাদেশ। ১৩০ রানে ৪ উইকেট পতনের পর আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমস ১১৬ বলে ১০৯ রানের অবিশ্বাস্য এক জুটিতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
জেমস ৫৪ বলে ৫৫ ও আহরার ৬৩ বলে ৪৫ রানে অপরাজিত থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। এর আগে আশিকুর রহমান শিবলি ৬০ বলে ৪৪, আদিল বিন সিদ্দিক ৬৩ বলে ৩৬ রান করে দলের জয়ের ভিতটা গড়ে দেন।
ব্লুমফন্টেইনে গতকাল টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। বাংলাদেশের বোলাররা ১০০ রানের আগেই প্রতিপক্ষের চার উইকেট তুলে নিলেও পরে কিয়ান হিলটনের দুর্দান্ত এক নকে লড়াইয়ের পুঁজি পায় আইরিশ যুবারা। তিনি ১১৩ বলে ১১টি চার ও এক ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেন। এছাড়া জর্ডান নিল ৩১, স্কট ম্যাকবেথ ২৭ ও জন ম্যাকনেলি ২৩ রান করেন।
বাংলাদেশের হয়ে পেসার মারুফ মৃধা ও স্পিনার শেখ জীবন দুটি করে উইকেট নেন। মারুফ ভারতের বিপক্ষে ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। সেদিন তার অনবদ্য বোলিং পারফরম্যান্স বিফলে গেলেও গতকাল জিতেছে দল। এ মাঠেই নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৮৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার আইরিশদের হারিয়ে ঘুরে দাঁড়াল যুবারা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৯তম আসরে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। ‘এ’ গ্রুপে খেলছে ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্স পর্বে।
আয়ারল্যান্ডকে হারিয়ে পয়েন্টের খাতা খুলল বাংলাদেশ। ২ ম্যাচ থেকে ২ পয়েন্ট ঝুলিতে মাহফুজুর রহমান রাব্বীর দলের। আইরিশদেরও ২ ম্যাচ থেকে সংগ্রহ সমান ২ পয়েন্ট। ১ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে টেবিলের এক নম্বরে। নিট রানরেটে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ভারত।
যুব বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে ভারত। এছাড়া অস্ট্রেলিয়া তিনবার, পাকিস্তান দুবার এবং বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড একবার করে শিরোপা জিতেছে। ২০২০ সালে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। সেবারও আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়।
সদ্যই সংযুক্ত আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। এবার বড় আশা নিয়ে বিশ্বকাপ খেলতে যায় মাহফুজুর রহমান রাব্বীর দল। আগামী শুক্রবার একই মাঠে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
বিশ্বকাপে গতকাল ‘সি’ গ্রুপ ম্যাচে নামিবিয়াকে ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।










