স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রয়োজনে পুলিশের এসপি ও ওসিদের মতো করে লটারির মাধ্যমে কৃষি কর্মকর্তাদের পদায়ন করা হবে। এটি করলে দুর্নীতি ও তদবির বাণিজ্য কমে আসবে। রোববার (৭ ডিসেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও উপপরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম হঠাৎ করে কেজিতে ৪০ থেকে ৪৫ টাকার মতো বেড়েছিল। আমদানির অনুমতি দেয়ার খবরে আজ আবার একটু দাম কমেছে। এ কারসাজি করে কৃষকদের যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদের আরো বেশি ঠকানো হচ্ছে। এ চক্রটা খুঁজে বের করতে হবে। আমরা সে চেষ্টা করে যাচ্ছি। আমরা চাই, কৃষক ও ভোক্তা কেউ ক্ষতিগ্রস্ত না হোক, উভয়ের স্বার্থ সংরক্ষণ হোক।
দেশে সারের মজুদের কোনো সংকট নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা তামাক চাষকে নিরুৎসাহিত করছি। তামাক স্বাস্থ্যর জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এর কোনো উপকারিতা নেই। সেজন্য তামাক চাষে সার ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে। খাদ্যে নানা ধরনের ভেজালের কারণে আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছি। তার মধ্যে কৃষি খাত ছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কীটনাশক, রাসায়নিক সার ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার এর অন্যতম কারণ। তাই কৃষি খাতে কীটনাশক ও ক্ষতিকর রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনতে হবে।
এ বছর আমন ধানের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, বাজারে সবজির দাম তেমন বেশি না, মোটামুটি সহনীয় পর্যায়ে ও জনগণের নাগালের মাধ্যেই রয়েছে। সামনের দিনগুলোতে সবজির দাম কমবে। কৃষকরা যাতে এ ক্ষেত্রে লোকসানে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা এরই মধ্যে ১০০টি মিনি কোল্ড স্টোরেজ তৈরি করে দিয়েছি যাতে সবজির ক্ষতি না হয় এবং সবজি সংরক্ষণ করা যায়। দ্রুত আরো ১০০টি স্থাপনের পদক্ষেপ নিয়েছি।










