এখনো পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী। আমদানিও করা হচ্ছে। এর পরও পুরোপুরি সহনীয় পর্যায়ে আসেনি বাজার। দেশে পেঁয়াজ উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে অন্যতম ফরিদপুর ও রাজবাড়ী। বাজারদর বেশি থাকায় এ দুই জেলায় পরিপক্ব হওয়ার আগেই মুড়িকাটা পেঁয়াজ উত্তোলনের খবর মিলেছে। যদিও অপরিপক্ব পেঁয়াজ তুলে ফেলায় উৎপাদন কমার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া নভেম্বরের বৃষ্টিতে বিভিন্ন জেলায় কয়েকশ হেক্টর পেঁয়াজের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে এখন সংকট না থাকলেও মৌসুমের শেষে আবারো অস্থিতিশীল হতে পারে মসলা-জাতীয় পণ্যটির বাজার। একই সঙ্গে ঘাটতিও দেখা দিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। তবে কৃষকদের দাবি, পরিপক্ব হওয়ার পরই তারা পেঁয়াজ উত্তোলন করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে দেশে চারা, কন্দ ও বীজ মিলিয়ে ২ লাখ ৮০ হাজার ১০০ হেক্টর জমিতে ৪২ লাখ ৫০ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়। ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৮৬ হাজার ৩০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪২ লাখ ৬৪ হাজার ১০০ টন। ২০২২-২৩ অর্থবছরে ৩৪ লাখ ১৬ হাজার ৯৯০ টন এবং ২০২৩-২০২৪ অর্থবছরে ৩৭ লাখ ৮৯ হাজার ৮৮৭ টন পেঁয়াজ উৎপাদন হয়।
খাতসংশ্লিষ্টরা বলছেন, দেশে বছরে ২৮-৩২ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। তবে অপরিপক্ব উৎপাদন, পর্যাপ্ত সংরক্ষণের অভাবে ৩০ শতাংশ পর্যন্ত পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এ কারণে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ার পরও প্রায় প্রতি বছরই নভেম্বর-ডিসেম্বরে গিয়ে পেঁয়াজের সংকট তৈরি হয়। এতে বাজারে দাম বেড়ে যায়। নির্ভর করতে হয় আমদানির ওপর।
দেশে পেঁয়াজ উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে অন্যতম ফরিদপুর ও রাজবাড়ী। কৃষি অফিস বলছে, দেশের মোট উৎপাদনের ১৪ শতাংশ পেঁয়াজই আসে রাজবাড়ী থেকে। ফরিদপুরে এবার পণ্যটি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০ হাজার টন।
রাজবাড়ী ও ফরিদপুরের পেঁয়াজচাষীরা বলছেন, এ বছর অতিরিক্ত মূল্যে কিনতে হয়েছে বীজ, সার ও কীটনাশক। এতে বেড়েছে উৎপাদন ব্যয়। তবে দাম ভালো থাকায় অতিরিক্ত খরচ পুষিয়ে নিতে পারবেন তারা। আমদানি না করলে কৃষক লাভবান হবেন।
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাচরন্দপুর গ্রামের পেঁয়াজচাষী শামিম রেজা বলেন, ‘পেঁয়াজের দাম কমে যচ্ছে। দুই সপ্তাহ পর কেজিপ্রতি ৩০ টাকায় বিক্রি করতে হবে। এখন ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে। সেজন্য কিছুটা অপরিপক্ব অবস্থাতেই বাজারে পেঁয়াজ নিয়ে এসেছি। ফলন ভালো হলে এক পাখি (২২ শতাংশ) জমিতে ৪০ মণ পেঁয়াজ উৎপাদন হয়। অপরিপক্ব পেঁয়াজ তুলে ফেলায় ৩৫ মণ ফলন পাওয়া যাচ্ছে। অবশ্য ওজনে কম পেলেও দাম বেশি থাকায় কৃষক লাভবান হচ্ছেন।’
এদিকে চাষীরা যে পেঁয়াজ তুলছেন তা এখনো পরিপক্ব হয়নি বলে দাবি অনেকেরই। পরিপূর্ণরূপে পেঁয়াজ ওঠা শুরু হলে দাম কমে যেতে পারে সেই শঙ্কায় অপরিপক্ব পেঁয়াজ তোলা হচ্ছে বলে দাবি তাদের।
রাজবাড়ীর পেঁয়াজ বাজারের আড়তদার তোফাজ্জেল হোসেন তোফা বলেন, ‘বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়েছে। তবে আকারে অনেক ছোট। এখন বাজারে যে পেঁয়াজ আসছে তাতে ২০-২২টিতে এক কেজি হচ্ছে। আর স্বাভাবিকভাবে বড় পেঁয়াজ ১৪-১৬টিতে এক কেজি হয়। গতকাল রাজবাড়ীর পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে আকারভেদে ৪০-৪৫ টাকা প্রতি কেজি। খুচরা পর্যায়ে বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা।
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বিজয়নগর, কৃষ্টনগর ও হরিণবাড়িয়া চরাঞ্চলে গিয়ে দেখা যায়, অপরিপক্ব মুড়িকাটা পেঁয়াজ তুলছেন কৃষক। বেশি দামের আশায় কাঁচা পেঁয়াজ তুলে বাজারে নিচ্ছেন তারা।
রাজবাড়ীর বিজয়নগর এলাকার শামছুদ্দিন মিয়া বলেন, ‘এ পেঁয়াজ আরো দুই সপ্তাহ পরে তোলার উপযোগী হওয়ার কথা। কিন্তু দাম কমে যাওয়ার ভয়ে এখনই তুলে ফেলা হচ্ছে।’
এ ব্যাপারে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, ‘রাজবাড়ীতে এ বছর পেঁয়াজের ভালো ফলন হয়েছে। দেশে মোট উৎপাদনের ১৪ শতাংশ পেঁয়াজ উৎপাদন হয় এ জেলায়। বাজারে বেশি দাম হওয়ায় কৃষক কিছুটা অপরিপক্ব পেঁয়াজ তুলে ফেলছেন। এতে উৎপাদনে তেমন একটা প্রভাব পড়বে না। দেশে যে পরিমাণ পেঁয়াজ আছে তাতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলে যাবে। ফেব্রুয়ারির পর আবার হালি পেঁয়াজ উত্তোলন শুরু হবে। তবে কৃষকদের অনুরোধ করব যাতে মুড়িকাটা পেঁয়াজটা অন্তত এক সপ্তাহ পরে তোলেন।’
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান বলেন, ‘মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। ফলে দামও কমতে শুরু করেছে। দুই-তিন সপ্তাহের মধ্যেই বাজার দখলে থাকবে মুড়িকাটা পেঁয়াজের। এতে স্বস্তি ফিরবে ক্রেতাদের মধ্যেও।’
অপরিপক্ব পেঁয়াজ তুললে ফলন কমে যাবে। এতে মৌসুম শেষে ঘাটতির শঙ্কাও তৈরি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বণিক বার্তাকে বলেন, ‘দাম বেশি পাওয়ার কারণে কৃষক তাড়াতাড়ি মুড়িকাটা পেঁয়াজ উঠিয়ে ফেলছেন। এটি আরো কিছুদিন পরে করলে পরিপক্ব হতো। হয়তো ডিসেম্বরের শেষ দিকে গিয়ে করলে আরো পরিপক্ব হতো পেঁয়াজ। কিন্তু ডিসেম্বরের শুরুর দিকে ওঠাতে শুরু করেছেন কৃষক। অপরিপক্ব থাকলে উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। কাজেই এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা আছেন, তাদের কাজ করতে হবে এটা খুব ভালোভাবে টেকআপ করা। কৃষকদের বোঝাতে হবে যে অপরিপক্ব পেঁয়াজ উত্তোলনে দাম বেশি পাওয়া গেলেও ফলন অনেক কম হবে। কৃষকদের মোটিভেট করতে হবে।’
তিনি আরো বলেন, ‘এটিও সত্য কৃষক তার আর্থিক সুবিধা দেখবেন। এখানে দেখতে হবে অপরিপক্ব পেঁয়াজ উত্তোলনে তার লাভ বেশি না পরিপক্বতে লাভ বেশি। কৃষক তার তুলনামূলক লাভটাকেই দেখবেন। তবে এখানে সরকার একটি সময়সীমা নির্ধারণ করে দিতে পারে যে এ সময়ের আগে উত্তোলন করা যাবে না, আমের ক্ষেত্রে যেটি নির্ধারণ করা আছে। পাশাপাশি কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে কৃষকরদের বোঝাতে হবে, পেঁয়াজ অপরিপক্ব হলে ফলন ভালো হবে না এবং বান্নার কাজেও ততটা জুতসই হবে না। একই সঙ্গে দেশের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আগেই উত্তোলন করা যায় এমন জাত নিয়ে আসতে হবে। মুড়িকাটা পেঁয়াজ ডিসেম্বরের শেষ দিকে পরিপক্ব হয়। এজন্য জাতের ভিন্নতা আনা গেলে সংকটে চাহিদা পূরণ হবে, পাশাপাশি অপরিপক্ব পেঁয়াজ উত্তোলনেও যেতে হবে না।’
সার্বিক বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এসএম সোহরাব উদ্দিন বণিক বার্তাকে বলেন, ‘এখন মুড়িকাটা পেঁয়াজ উত্তোলনের মৌসুম। দুই-একটি ছাড়া প্রায় সব জায়গাতেই পেঁয়াজ তোলার উপযোগী হয়ে গেছে। এটি কিন্তু আমাদের মূল পেঁয়াজ না। মোট উৎপাদনে এর অবদান ১০ শতাংশেরও কম। কয়েকদিন পরই আবার অন্য পেঁয়াজ বাজারে আসবে। কাজেই দুই-এক জায়গায় অপরিপক্ব পেঁয়াজ তুলে ফেললেও আমাদের সামগ্রিক উৎপাদনে প্রভাব পড়বে না। তার পরও আমরা অপরিপক্ব পেঁয়াজ না তুলতে কৃষকদের বার্তা দিচ্ছি।’










