আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ এ পরিণত হয়েছে। আজ শনিবার ভোর ৬টায় ঘূর্ণিঝড়টি একই এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা নাগাদ উত্তর তামিলনাড়-পুদুচেরি উপকূল অতিক্রম করতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬-১২ কি. মি.। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৫ মিনিটে।