দেশের মৎস্যসম্পদের উন্নয়ন, সংরক্ষণ ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশে আগামী ১৮ থেকে ২৪ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ দেশব্যাপী পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’।
আগামী ১৮ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সপ্তাহটির উদ্বোধন অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সভাপতিত্ব করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য ১৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ দেয়া হবে। এক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের পদক দেয়া হবে।
এ বছরের কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন বিশেষভাবে অন্তর্ভুক্ত হয়েছে। সপ্তাহব্যাপী কেন্দ্রীয়ভাবে র্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময়, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে ১৮ আগস্ট উদ্বোধন ও পদক বিতরণ, ১৯ আগস্ট মানিক মিয়া এভিনিউতে র্যালি এবং সম্মেলন কেন্দ্রে প্রযুক্তি প্রদর্শন ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা রয়েছে। ২০ আগস্ট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে মৎস্য অভয়াশ্রম নিয়ে সেমিনার হবে। ২১ আগস্ট কারওয়ান বাজার মৎস্য আড়তে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২২ আগস্ট চট্টগ্রামে মৎস্য ও রফতানি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। ২৩ আগস্ট মৎস্যভবনে জেলে, চাষি ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় ও প্রচার কার্যক্রম হবে। ২৪ আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউশনে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপ্তি হবে।
জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সফল উদ্যোক্তাদের পুরস্কার, পোনা অবমুক্তকরণ, মতবিনিময়, প্রামাণ্যচিত্র প্রদর্শন, নিরাপদ মাছ চাষ ক্যাম্পেইন, তরুণদের কর্মশালা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
জাতীয় মৎস্য সপ্তাহ সফলভাবে পালনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংগঠন, মৎস্যজীবী, উদ্যোক্তা ও জনগণের সহযোগিতা কামনা করেছে।
উল্লেখ্য, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনার কারণে ২২ জুলাই নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠান ও কর্মসূচি স্থগিত করা হয়েছিল। এ ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে মন্ত্রণালয়।










