রাঙ্গামাটি জেলা শহরের হাসপাতাল এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জয় ত্রিপুরা (২৭) নামের এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। বুধবার রাত আড়াইটায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতা জয় ত্রিপুরা রাঙ্গামাটি সদর উপজেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক এবং জেলা শহরের দেবাশীষনগর এলাকার প্রয়াত খোকন মণি ত্রিপুরার ছেলে।
রাঙ্গামাটি সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম জানান, বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন হঠাৎ অসুস্থ হলে তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জমিরকে চট্টগ্রামে রেফার করলে তাকে নিয়ে যাওয়া হচ্ছিলো। অন্য অনেকের মতো জয়ও তাকে দেখতে হাসপাতালে যায়, সেখান থেকে বাড়ি ফেরার পথে সড়কে তার মোটরসাইকেল আটকে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। পরে জয় হাসপাতালে মারা যায়। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
নিহত জয় ত্রিপুরার মামা ঝিনুক ত্রিপুরা জানান, বুধবার রাতে জয় জমিরকে দেখার জন্যই হাসপাতালে গিয়েছিল। কে জানত নেতাকে দেখতে গিয়ে নিজেই প্রাণ হারাবেন। আমরা এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, নিহত জয় ত্রিপুরার পেটে ছুরিকাঘাত করা হয়েছে। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আমরা খুঁজে বের করব।










