নিজস্ব প্রতিবেদক
গ্যাস সংকট কাটিয়ে দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর গত সোমবার চালু হয় জামালপুরে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। তবে দুইদিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে আবারো বন্ধ করা হয়েছে কারখানাটি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে কারখানার বয়লারে লিকেজ দেখা দেয় বলে জানা গেছে। এরপরই বন্ধ রাখা হয় উৎপাদন কার্যক্রম।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) পরিচালক (বাণিজ্যিক, উৎপাদন ও গবেষণা) মো. মনিরুজ্জামান বণিক বার্তাকে বলেন, ফেব্রুয়ারিতে গ্যাস সংকটের কারণে কারখানাটি বন্ধ রাখা হয়। সোমবার থেকে কারখানাটি চালু করা হয়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে এটি বন্ধ রাখা হয়েছে। শিগগির এটি চালু হবে।
যমুনা সার কারখানা দৈনিক ১ হাজার ৭০০ টন সার উৎপাদনের সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করলেও এখন সেটির সক্ষমতা কমেছে। বর্তমানে কারখানাটি চালু হলে দৈনিক ১ হাজার ১০০ টন ইউরিয়া উৎপাদন পাওয়া যাবে বলে জানিয়েছেন বিসিআইসির পরিচালক মো. মনিরুজ্জামান।
এদিকে, বেশ কিছুদিন বন্ধ থাকার পর চালু হওয়া চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) বৃহস্পতিবার বিকেল সোয়া চারটা থেকে ইউরিয়া উৎপাদন শুরু করেছে। আর নরসিংদীর ঘোড়াশাল-পলাশ সার কারখানাটিতে দৈনিক ২ হাজার ৮০০ টন ইউরিয়া উৎপাদন হচ্ছে। এছাড়া শাহজালাল সার কারখানাটিও চলতি মাসে চালু হওয়ার কথা রয়েছে। সরকারি চারটি কারখানা চালু হলে দৈনিক ৬ হাজার ৩০০ টন ইউরিয়া উৎপাদন সম্ভব হবে। এতে আমদানিনির্ভরতা কমবে।
এছাড়া ১৫ অক্টোবর থেকে চট্টগ্রামের বহুজাতিক কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) চালুর কথা জানিয়েছে বিসিআইসি।










