মানিকগঞ্জের ঘিওরে বড় ধুলন্ডী কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতে ঢাকা আরিচা মহাসড়কের পাশে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, রাতের আঁধারে কে বা কারা ধুলন্ডী কবর স্থান থেকে কঙ্কাল চুরি করেছে। স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডি ও র্যাবকে বিষয়টি জানানো হয়েছে।
তিনি আরো জানান, এই কবর স্থানে প্রায় ৫৩টি কবর আছে। এরমধ্যে ৯টি কবরের কঙ্কাল চুরি হয়েছে। কঙ্কাল চুরির ঘটনায় যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










