পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শ্রমিকদের মর্যাদা ও শ্রমিক-কেন্দ্রিক নীতি প্রতিষ্ঠা ছাড়া ন্যায্য রূপান্তর সম্ভব নয়। বর্তমান অর্থনৈতিক মডেলগুলো শ্রমিকদের মর্যাদা অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এখনই শ্রমিক-কেন্দ্রিক নীতি ও রক্ষাকবচ বাস্তবায়ন অপরিহার্য। তিনি বলেন, শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান, ন্যায্য ও সম্মানজনক আচরণ নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘‌ফ্রম ডায়লগ টু অ্যাকশন: টুয়ার্ডস অ্যা ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন (এনএজেটি)’ শীর্ষক ‘‌জাস্ট ট্রানজিশন কনভেনশন বাংলাদেশ ২০২৫–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান কিছু বিষয়কে চিহ্নিত করে কার্যকর রাষ্ট্রীয় সমাধান এবং ত্রিপক্ষীয় সংলাপ জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এর মধ্যে রয়েছে শিপব্রেকিং শিল্প, পাথরভাঙা ও আউটসোর্সিং শ্রমিকদের ঝুঁকি, কৃষকদের ঋণজনিত সংকট ও আত্মহত্যার প্রবণতা, মৎস্যজীবী ও কৃষক সম্প্রদায়ের সুরক্ষা ইত্যাদি। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ন্যায্য, নিরাপদ ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন— শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব এএইচএম শফিকুজ্জামান, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদসহ অনেকে।