ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সবার হাতেই এখন গণমাধ্যম আছে। কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আজ বুধবার দুপুরে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, আজকাল সবার হাতেই গণমাধ্যম আছে। যে যা শুনতে চায়, সে তা শুনতে পারে। এভাবে তো আসলে কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই-বা কী করে গণতন্ত্র হয়?

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, উনি বাংলাদেশের নাগরিক। ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে। ওনার পরিবারকে স্ব-পরিবারে হত্যা করা হয়েছে। ওনার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কী দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস- সেটারই বা কী দাঁড়াবে? সবকিছু বিবেচনায় আমার কমনসেন্স বলে, উনি ফিরে আসবে।

সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, এটা দেশের আইনশৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি- সেটাই ইঙ্গিত করে। দলগুলোর যে তাদের ছাত্রসংগঠনের ওপর কোনো রকম নিয়ন্ত্রণ নেই এবং দিনশেষে আবারো যে আমরা পুরনো রাজনীতিতেই ফিরে যাচ্ছি, সেটিই ইঙ্গিত করে।

জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় অনুষ্ঠান বয়কট করে স্থানীয় বিএনপি। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিকে তো মানতে হবে মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন ও সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সংবর্ধনা দেয়া হয়।