টাঙ্গাইলের মির্জাপুর থানার গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন, এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ছয়জন। আজ শনিবার ভোরে যাত্রীবাহী লেগুনায় কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মির্জাপুরের নাসির গ্লাস ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন।
গোড়াই হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ভোরের দিকে গোড়াই থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা জুই যুথী ফিলিং স্টেশনে তেল নিতে প্রবেশ করার প্রবেশের সময় একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে আরো দুজন নিহত হয়।
নিহতরা হলেন, গাইবান্ধার সাদুল্যাপুর থানার গোবিন্দ রায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর (১৮), একই এলাকার অমূল্যচন্দ্র দাসের ছেলে তপনচন্দ্র দাস (২৫), টাঙ্গাইলের গোপালপুর থানার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (২৭) ও রংপুর জেলার রাশেদা বেগম।
তিনি আরো জানান, ঘটনার পরই ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।










