দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত আরো দুই জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে, এ নিয়ে চলতি বছর এইডিস মশাবাহিত এ রোগে মোট ৬১ জনের মৃত্যু হল। এর মধ্যে চলতি মাসেই প্রাণ গেছে ৭ জনের। রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৭২ জন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় ৫১১ জনসহ হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১৭ হাজার ৮৪৪ জন ডেঙ্গু রোগী।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ২৬৭ জন রয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশাল বিভাগে ৮৪, চট্টগ্রাম ৮৮, খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহে ২৭, রাজশাহীতে ৫৭ জন ভর্তি হয়েছেন।

মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন ও জুলাইয়ে ৩৬ জন ও আগস্টে এ পর্যন্ত ৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।