সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ১১তম দিনের মতো শাটডাউন রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)।
গতকাল জুমার নামাজ শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে তা স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে আন্দোলনকারীদের অবস্থান তুলে ধরে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, ‘শুক্রবার আন্দোলনের ১১তম দিন। দাবি নিয়ে এখনো ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া পাচ্ছি না। এর প্রতিবাদেই আজকের বিক্ষোভ মিছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা শিগগির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কাছ থেকে একটি ইতিবাচক ফলাফল চাই।’
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। গত ২১ সেপ্টেম্বর তাকে ওই পদ থেকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য করা হয়। ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চালচ্ছেন শিক্ষার্থীরা। আন্দোলনকে কেন্দ্র করে এর মধ্যে মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন, মানববন্ধন ও গণসইসহ নানা কর্মসূচি পালিত হয়। এ অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস, পরীক্ষা ও সব ধরনের একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।










