সমাবেশ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শামস উদ্দিন আহমেদ ও জুলাই শহীদ জননী বিবি আয়েশা।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী মনজুর আল মাতিন, গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার। এছাড়া বক্তব্য রাখেন বিভিন্ন অঞ্চলের জুলাই আন্দোলনের নেতারা।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশে আমরা দেখি জুলাই আন্দোলনকে কাজে লাগিয়ে একদল উগ্রবাদী বিভাজনের রাজনীতির চেষ্টা করছে। জুলাই আন্দোলনের মধ্যে অনেকেই থাকতে পারে কিন্তু জুলাই আন্দোলনের প্রকৃত চেতনা, এর অন্তরাত্মা সাম্যের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ। আমরা পরিষ্কার করে বলি—অতীতের সরকার তথা ফ্যাসিবাদী সরকার কিংবা অন্তর্বর্তী সরকার এ দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে যেসব চুক্তি করেছে বাংলাদেশের জনগণ এসব চুক্তি গ্রহণ করে না। সেটা যুক্তরাষ্ট্রের সঙ্গে হোক কিংবা অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে। বাংলাদেশের জনগণ এদের স্বাধীনতা সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রশ্নে লড়াই করে যাবে।’