যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৭’-এ আবারো বাংলাদেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। গতকাল টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ হয়।

এছাড়া প্রকাশিত তালিকায় ১০০১ থেকে ১২০০-এর মধ্যে অবস্থান করে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে দশম স্থান অর্জন করেছে যবিপ্রবি।

মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে পাঠদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি ও আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং করে থাকে।

যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘এ অর্জন যবিপ্রবির একাডেমিক ও গবেষণাভিত্তিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।’