নতুন ভোটার তালিকায় নিবন্ধিত হওয়ার জন্য সব কাগজ জমা দিয়েছেন। পিতামাতার জাতীয় পরিচয়পত্র, নিজের জন্মনিবন্ধন সনদ ও স্থায়ী বাসিন্দা সনদসহ প্রয়োজনীয় সব কাগজ স্থানীয় নির্বাচন অফিসও কোনো ধরনের আপত্তি ছাড়াই গ্রহণ করেছে। বিপত্তি দেখা দিয়েছে জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপিতে। জন্মস্থানের স্থলে ‘ভিয়েতনাম’ দেখে বিস্মিত হয়েছেন নতুন ভোটার তালিকায় নাম লেখানো অনেকেই। এমন কাণ্ড ঘটেছে পাহাড়ি শহর রাঙ্গামাটিতে। গত কয়েকদিন নতুন ভোটাররা জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করে এমন দৃশ্য দেখে অনেকেই হতবাক। তবে পুরো বিষয়টিকে অফিসিয়াল ‘ত্রুটি’ বলছে নির্বাচন অফিস।

বিষয়টি নিশ্চিত করে নতুন ভোটার তাহরীমা আকতার বলেন, এ বছর নতুন ভোটার হতে নির্বাচন কমিশনের সব শর্তানুযায়ী ডকুমেন্টস সাবমিট করি। কিন্তু কয়েকদিন আগে জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করে দেখি জন্মস্থান এসেছে ভিয়েতনাম।

একই কথা জানিয়েছেন শিক্ষার্থী অপি সাহা। তিনি বলেন, গত জুন মাসের দিকে ভোটার তালিকায় যুক্ত হতে আবেদন করি এবং ক’দিন আগে অনলাইন কপি ডাউনলোড করি। কিন্তু সেখানে দেখা যায়, জাতীয় পরিচয়পত্রে সব তথ্য সঠিক থাকলেও জন্মস্থান এসেছে ভিয়েতনাম। এতে হতবাক আমি। এ ভুল শুধু আমার ক্ষেত্রেই নয়, আমার এক ছোট বোনের জাতীয় পরিচয়পত্রেও এমন এসেছে। এটি অফিসিয়াল ত্রুটির কারণে হয়েছে বলে মনে হচ্ছে।

এদিকে নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা এ ব্যাপারে জানিয়েছেন, কেবল নতুন ভোটার নন, রাঙ্গামাটির সবার এনআইডি কার্ডের অনলাইনে এটি হয়ে গেছে। সফটওয়্যার জটিলতার কারণে এমনটা হয়ে থাকতে পারে। তবে এটি সহজেই সমাধানযোগ্য। এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বণিক বার্তাকে বলেন, এটি সফটওয়্যার জটিলতার কারণে হয়েছে। ভুক্তভোগী ও উপজেলা নির্বাচন অফিসারগণ আমাকে জানানোর পর ঢাকায় নির্বাচন অফিসে যোগাযোগ করেছি। কমিশন সেটা একদিনের মধ্যেই সমাধান করে দিয়েছে। এখন সব তথ্যই ঠিক আছে।