পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি নৃ-গোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু, সাংলান-১৪২৮ ও বাংলা নববর্ষ-১৪২৯-এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ উৎসব উপলক্ষে জেলা শহরে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে শহরের কলেজ গেট এলাকা থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে শুরু হয় বিভিন্ন নৃ-গোষ্ঠী শিল্পীদের পরিবেশনায় নৃত্যসহ অন্যান্য সাংস্কৃতিক আয়োজন। শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চাকমা, মারমা, ত্রিপুরাসহ অন্য জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধানসহ বিভিন্নভাবে নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরেছেন।