বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় অসদাচরণ ও পলায়নের অভিযোগে উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) দেবতোষ দেবকে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ।
বিবৃতিতে বলা হয়, দেবতোষ চৌধুরীর বিরুদ্ধে কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় অসদাচরণ ও পলায়নের অভিযোগে রুজুকৃত বিভাগীয় মামলা তদন্তে প্রমাণিত হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত ও রাষ্ট্রপতির অনুমোদনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত ১২ আগস্ট ২০২৫ তারিখের আদেশের মাধ্যমে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
দেবতোষ দেব উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) গণপূর্ত উপ-বিভাগ-২ এ আওতায় সিলেটে কর্মরত ছিলেন। পনের দিনের গড় বেতনে অর্জিত ও মঞ্জুরিকৃত ছুটিতে ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি তিনি অসুস্থ বোনের সঙ্গে দেখা করতে কানাডা যান। সে বছরের ১৩ মার্চ তার ছুটি শেষ হয়েছে। ছুটি শেষে কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে ও কারণ দর্শানো নোটিশের জবাব না দিয়ে গতকাল পর্যন্ত বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী দেবতোষ দেবকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।










