বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেছেন, ‘বিজিবি-বিএসএফের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে ভালো। গতকাল দুপুরে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। দুই দেশের জন্যই আমরা কাজ করছি। আমরা আমাদের দেশের জন্য কাজ করছি, তারা তাদের দেশের জন্য কাজ করছেন। আমরা সমঝোতার মাধ্যমে সীমান্তের বিভিন্ন সমস্যা থাকলে আলোচনা করি। আলোচনার মাধ্যমেই সীমান্তের অনেক সমস্যার সমাধান করতে পারছি।’
তিনি আরো বলেন, ‘হিলি আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা স্থাপনা। এখানে সীমান্ত ইমিগ্রেশন ও স্থলবন্দর রয়েছে। এ চেকপোস্ট দিয়ে পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীরা যাতায়াত করেন। দুই দেশের মাঝে পণ্য আমদানি রফতানি-বাণিজ্য হয়। আমি দায়িত্ব নেয়ার পর হিলি সীমান্ত, ব্যাটালিয়ন ও বিওপি দেখতে এসেছি। বিজিবি কীভাবে দায়িত্ব পালন করছে তা দেখতেই এখানে এসেছি।’
এ সময় বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন (রংপুর) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর ও জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম সঙ্গে ছিলেন।
পরে তিনি সীমান্তের শূন্য রেখায় বিজিবির বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কুলওয়ান্ত রায় শর্মা ও রায়গঞ্জ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিপিন কুমার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি সীমান্তের শূন্য রেখার ভারত অংশে এক বৈঠকে মিলিত হন। এ সময় সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। সেখানে বিজিবি ও বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। বৈঠক শেষে তিনি বিজিবির হিলি সিপি ক্যাম্প পরিদর্শন করেন। এরপর তিনি সীমান্তের হাঁড়িপুকুর গ্রাম ও ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শনে যান।









