লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ১৫০ জন বাংলাদেশী দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুধবার (২৮ মে) সকালে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফেরেন।
ঢাকার হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএএমর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। গণমাধ্যমেকে পাঠানো বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়, প্রত্যাবাসিত বাংলাদেশীদের বেশীরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। দেশে ফেরত আসার পর এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়ায় না যায় এ বিষয়ে তাদের সচেতন ৎতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আহ্বান জানান।
আইওএমের পক্ষ থেকে লিবিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্য ও মেডিক্যাল সামগ্রী ও প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টোরে আটক বাংলাদেশীদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা এক সঙ্গে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।










