স্মার্টফোন বাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং অবৈধ হ্যান্ডসেট বন্ধে মোবাইল ফোন আমদানিতে মোট করের পরিমাণ ৬১ শতাংশ থেকে কমিয়ে ৪৩ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানোর সিদ্ধান্ত হয়েছে। যেটা আগে ২৫ শতাংশ ছিল, সেটি কমিয়ে এখন ১০ শতাংশ করা হয়েছে। যারা মোবাইল ফোন এখানে (দেশে) ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টমস যেটা আগে ১০ শতাংশ ছিল, সেটা ৫ শতাংশ করা হচ্ছে। এর ফলে আশা করা হচ্ছে যে, বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরো বেশি ব্যাপকতা পাবে। দেশের মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে আরো অনেকে আগ্রহী হবেন।
প্রেস সচিব আরো বলেন, দেশে প্রচুর বিদেশ থেকে ব্যবহার করা মোবাইল ফোন আনা হয়। এনে কিছুটা রিফেব্রিশড করে বিক্রি করা হয়। এতে দেশের ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়। সরকারও ট্যাক্স থেকে বঞ্চিত হন। আশা করা হচ্ছে, দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং সেগুলোর দামও কমে আসবে।










