কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকারের অপসারণ এবং ঈদ-পূর্ব ভিজিএফসহ অন্যান্য পণ্য বিতরণের দাবিতে মানবন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাজারহাট-তিস্তা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন সংশ্লিষ্ট ইউপি সদস্য ও উপকারভোগীরা।
জানা যায়, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির ১৫টি অভিযোগে এনে পরিষদের নয়জন সদস্য গত ১৮ জুলাই অনাস্থা প্রস্তাব দেন। পরে তার অপসারণের জন্য রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। এদিকে উপকারভোগীরা তাদের বরাদ্দের উপকরণ না পেয়ে গতকাল মানববন্ধন করেন। তারা দ্রুত চেয়ারম্যানের অপসারণ ও নির্বাচিত উপকারভোগীদের পণ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানান।
অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী ইউপি সদস্যরা হলেন আফজাল হোসেন, সাদেকুর রহমান সাদেক, হারুন অর রশিদ, মহুবর রহমান, শহিদুল ইসলাম, মোর্শেদা বেগম, জাহাঙ্গীর আলম মঞ্জু, হোসনে আরা ও আবু বক্কর সিদ্দিক।
অনাস্থাপত্র পাওয়ার কথা নিশ্চিত করে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম জানান, অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া যারা পণ্য পাননি, তাদের পণ্য বিতরণের জন্য উপজেলা প্রশাসন থেকে একজন প্রতিনিধিকে দায়িত্ব দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, এ ধরনের একটি অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।









