বাগেরহাটের ফকিরহাটে কৃষক দম্পতির ঘর থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু সাজিদ হাসান ফারাজীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খুলনা শহরের মিয়াপাড়া এলাকায় রাস্তার পাশের একটি ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গতকাল সকালে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে খুলনা সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, অপরাধীরা ব্যাগের মধ্যে শিশুটিকে রেখে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। সন্তানকে ফিরে পেয়ে খুশি বাবা-মাসহ এলাকাবাসী। তবে সন্তান চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
শিশু সাজিদের মা মৌসুমি খাতুন বলেন, ‘মনে হচ্ছিল আমার বুকের মধ্যে কী যেন নেই। পরানডা এখনই বের হয়ে যাবে। সারা দিন শুধু খাঁ-খাঁ করেছে আমার বুক। আমার বাজানকে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি। সব কষ্ট ভুলে গেছি।’
শিশুটির বাবা কৃষক আবু সাঈদ ফারাজী বলেন, ‘আমার সন্তানকে ফিরে পেয়েছি এটাই শান্তি। তবে চুরির সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ‘শিশু চুরির খবর পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে শুক্রবার ভোরে ফকিরহাট উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকায় ঘুমিয়ে থাকা মা-বাবার পাশ থেকে শিশুটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।










