জাতির ভুল পদক্ষেপের মাধ্যমে পরাজিত ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ‘রাষ্ট্র পুনর্গঠনে লেখক-শিল্পীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি, যে কাজগুলোর মধ্য দিয়ে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে।

ভারতীয় মিডিয়ার সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত রাতে ভারতীয় মিডিয়ার কয়েকজন ফোন দিয়েছিলেন। তাদের একটাই মাত্র প্রশ্ন, ইসকনের ব্যাপারে আপনারা কী করছেন? প্রশ্নটা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত, তারা একটা অবস্থা সৃষ্টি করতে চায়। প্রথমবার ফেইল করেছে তারা, এখন আবার নতুন করে সে অবস্থাটা সৃষ্টি করতে চায়। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, এ মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলো অনুধাবন করে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। এছাড়া আর কোনো পথ আছে বলে আমি মনে করি না। আমাদের পক্ষে একটা জিনিসই সম্ভব, আমরা সবাই একটা লক্ষ্য নিয়ে গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব।

তিনি বলেন, আজকের যে অবস্থা, আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিতভাবে এটি করা হচ্ছে। সেটি করছে পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের লোকেরা। আমরা যারা লড়াই আন্দোলনের পক্ষে ছিলাম, আমরা কেন এ বিভাজন সৃষ্টি করছি? অনেকের কথা শুনলে ভয় হয়, এখনই আমরা পুরো আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।