দুর্গা পূজার টানা ছুটিকে কেন্দ্র করে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বান্দরবানের রুমায় ভিড় জমিয়েছেন পর্যটকরা। পাহাড়, মেঘ, সবুজ বন আর আঁকাবাঁকা পাহাড়ি পথের টানে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন পর্যটন স্পট। এতে স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহনকর্মীদের মধ্যেও বাড়তি কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।
পাহাড়ঘেরা নীল জলরাশির বগালেক, পাহাড়চূড়া কেওক্রাডং, রিজুক ঝর্ণা আর ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ মুনলাইপাড়া পর্যটকদের মুগ্ধ করছে। পর্যটকদের আগমনকে ঘিরে স্থানীয় হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, জিপচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যস্ততাও বেড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিরাপদ ও পরিকল্পিত পর্যটন ব্যবস্থা নিশ্চিত করা গেলে রুমার পর্যটন খাত স্থানীয় অর্থনীতিতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমজাদ হোসেন।










