চলতি বছর হজ মৌসুমে সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ৮০টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৩০ হাজার ৪৮৫ জন যাত্রীকে সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছে দেবে। আজ সোমবার (১৯ মে) এই হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৌদি এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধনী ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী মক্কার উদ্দেশে রওনা হন। ফ্লাইটগুলো ঢাকা থেকে সরাসরি সৌদি আরবের মক্কা ও মদিনায় যাবে। সৌদি এয়ারলাইন্সের পাশাপাশি তাদের মনোনীত জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) ইউনাইটেড লিংক লিমিটেড এ কার্যক্রমটি পরিচালনা করছে।
হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সচিব নাসরীন জাহান, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আব্দুলাজিজ ফাহাদ এম আল ইব্রাহিম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া, সৌদিয়া এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার সামী এম আল গাদি ও ইউনাইটেড লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ।










