ময়ননসিংহের গৌরীপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও দুজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর শ্রীরামপুর এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লাল মিয়া (৪০), রফিকুল ইসলাম (৪৫), সাহারা বান (৫০) ও রাবিয়া খাতুন (৬৫)। তারা সবাই উজানচর এলাকার বাসিন্দা। তাদের মরদেহ উদ্ধার করে মমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, সকালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পরে উপজেলার চর শ্রীরামপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। এ সময় গুরতর আহত হয় এক নারীসহ আরও ৫ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠিনো হয়েছে।