বাগেরহাটের মোরেলগঞ্জে বাঘের আক্রমণে অনুকুল গাইন নামের এক জেলে আহত হয়ছেন। আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সুধীরের সিলা এলাকায় এ ঘটনা ঘটে। সুন্দরবনের ওই এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন অনুকুল।


পরে তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহত অনুকুলের সঙ্গে থাকা চাচাতো ভাই নিধির গাইন জানান, সকালে সুধীরের সিলা এলাকায় চরগড়া দিয়ে মাছ ধরছিলেন অনুকুল। সুন্দরবন থেকে খালের পাড়ে আসা একটি বাঘ হঠাৎ আক্রমণ করে তাকে। সঙ্গে থাকা এক জেলে চিৎকার করলে আশপাশে থাকা অন্যান্য জেলেরা গিয়ে তাকে উদ্ধার করেন।


সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীর বলেন, অনুকূল নামের ওই জেলেকে পেছন থেকে আক্রমণ করে বাঘটি। এ সময় আহত জেলের সঙ্গী মাহমুদ শেখের চিৎকারে আমরবুনিয়া গ্রামের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।


মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, বাঘের থাবায় তার মেরুদণ্ড ও পাজড়সহ পেটে ক্ষত তৈরি হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।