বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১ লাখ ডলার অনুদান দিয়েছে চীনা রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ সোমবার (২৬ আগস্ট) চীনা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে এ সহায়তা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, অধ্যাপক ড. এম ইউ কবীর চৌধুরীর সঙ্গে সদর দপ্তরে সাক্ষাৎ করে এ অনুদান প্রদান করেন ইয়াও ওয়েন। তিনি বলেছেন যে, বাংলাদেশে সম্প্রতি আঘাত হেনেছে বিধ্বংসী বন্যা। এতে প্রাণ ও সম্পত্তির বিপুল ক্ষতি হয়েছে। চীনের সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের জন্য গভীর উদ্বেগ ও সহানুভূতি প্রকাশ করেছে। প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন একটি দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে চীন। দুর্যোগ নির্দয় হলেও মানুষ সহানুভূতিশীল।
তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশের জনগণ অবশ্যই দুর্যোগ জয় করবে এবং শীঘ্রই নিজেদের বাড়ি পুনর্নির্মাণ করবে। চীন দুর্যোগ ত্রাণ এবং পুনর্নির্মাণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান চালিয়ে যেতে ইচ্ছুক।
এর আগে, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের বন্যা ত্রাণ প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ হাজার ডলার দান করেন।










