ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমেছে উৎসবের আমেজ। বাঁশি, ভুভুজেলার শব্দ, আতশবাজি, স্লোগান আর সমর্থকদের উচ্ছ্বাসে রোববার রাত থেকেই ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে বর্ণিল পরিবেশ। বড় পর্দায় খেলা উপভোগ করতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে টিএসসি ও আশপাশের এলাকা লোকারণ্য হয়ে ওঠে।

বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ, হলপাড়া, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও জগন্নাথ হল মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ছাত্রদলের ব্যবস্থাপনায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। এছাড়া ভিসি চত্বরে ডাকসুর উদ্যোগেও একটি বড় পর্দা স্থাপন করা হয়। সন্ধ্যা থেকেই দর্শকরা এসব স্থানে জড়ো হতে শুরু করেন।

খেলা শুরুর আগেই সমর্থকদের শোডাউনে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। আর্জেন্টিনার পতাকা হাতে সমর্থকদের মিছিল করতে দেখা যায়। কেউ ভুভুজেলা বাজাচ্ছিলেন, কেউ প্রিয় দলের জার্সি পরে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। রাজু ভাস্কর্যের পাদদেশে বড় আকারের আর্জেন্টিনার পতাকা উড়িয়ে স্লোগান দেন একদল সমর্থক। বিভিন্ন স্থানে আতশবাজিও ফোটানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিরাগতদের প্রবেশ সীমিত করার উদ্যোগ নিলেও বিপুলসংখ্যক দর্শকের চাপে ক্যাম্পাসে ব্যাপক জনসমাগম হয়। টিএসসি, হল এলাকা ও আশপাশের সড়কে মধ্যরাত পর্যন্ত উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে ছিলেন নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু, মধ্যবয়সীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে খেলা উপভোগ করতে আসেন। কারো গায়ে প্রিয় দলের জার্সি, কারো হাতে জাতীয় পতাকা, আবার কারো হাতে ছিল রঙিন ভুভুজেলা।

খেলা দেখতে আসা রায়হান আহাম্মেদ বলেন, বন্ধুদের সঙ্গে বড় পর্দায় ফাইনাল উপভোগ করতে এসেছি। এমন সুযোগ বারবার আসে না। আমার বিশ্বাস, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা শিরোপা জিতবে।