থিম্পুতে গতকাল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক ভুটানকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিল বাংলাদেশের নারীরা। এ ম্যাচে সাগরিকা হ্যাটট্রিক করেন। ২৭ জুলাই থিম্পুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সাগরিকার হ্যাটট্রিকের পাশাপাশি অধিনায়ক সাবিনা খাতুন ও ঋতুপর্ণা করেন দলের বাকি দুটি গোল। নিজেদের মাঠে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ভুটান। তখন ভুটানের কাছে বাংলাদেশের প্রথম হারের শঙ্কাও জাগে। যদিও দ্বিতীয়ার্ধে সুরভী আকন্দ প্রীতির জায়গায় মোসাম্মাৎ সাগরিকা মাঠে নামলে ম্যাচের চিত্রটা একেবারেই পাল্টে যায়। তিনি গুনে গুনে তিনবার বল পাঠান ভুটানের জালে। সেই সঙ্গে সাবিনা ও ঋতুপর্ণাও লক্ষ্যভেদ করলে বড় জয় নিশ্চিত হয় লাল-সবুজ জার্সিধারীদের। 

গত ফেব্রুয়ারিতে ঢাকায় অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন সাগরিকা। এবার সিনিয়র দলেও প্রতিভার সাক্ষর রাখলেন তিনি। ৪৯ মিনিটে তারই গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ৫১ মিনিটে তিনি সহজ সুযোগ নষ্ট করলেও ৫৩ মিনিটে তারই তৈরি করা আক্রমণ থেকে বাংলাদেশকে ২-১ গোলে এগিয়ে দেন অধিনায়ক সাবিনা। 

৫৫ মিনিটে ঋতুপর্ণা চাকমা ব্যবধান করে দেন ৩-১। ম্যাচের ৭০ মিনিটে সাগরিকা আরো একটি সহজ সুযোগ হারান। তিনি ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। ম্যাচের যোগ করা সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই কিশোরী ফুটবলার (৫-১)।

অক্টোবরে নেপালে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি হিসেবে ভুটানের সঙ্গে দুটি ম্যাচ খেলছে বাংলাদেশ। এ সিরিজে প্রথম ম্যাচেই দাপুটে জয় পাওয়ায় অনেকটা নিশ্চিন্তে থাকবেন সাবিনারা। 

২০২২ সালে নেপালের মাঠে ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো দেশকে সাফ শিরোপা এনে দেন সাবিনারা। আরেকবার তারা সাফ মিশনে নামবেন। তার আগে প্রস্তুতি সারতে ভুটানের মাঠে দুটি ম্যাচ খেলছে বাংলাদেশ দল।