বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২০ শ্রমিক করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৮ জন ভারতীয় নাগরিক ও দুজন বাংলাদেশী। আক্রান্তদের বিদ্যুৎ কেন্দ্রের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী আইসোলেশনে রাখা হয়েছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাগেরহাটে ১৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বিভিন্ন উপজেলায় করোনা সংক্রমিত হয়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, ১০৩ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের
অধীনে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২০ শ্রমিক রয়েছে। আক্রান্ত শ্রমিকদের মধ্যে ১৮ জন ভারতীয় এবং দুজন বাংলাদেশী। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাদের আইসোলেশন নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
তিনি আরো বলেন, করোনার দ্বীতিয় ঢেউয়ে বাগেরহাটে সর্বমোট ১৩৪ জন করোনা আক্রন্ত হয়েছেন। এদের মধ্যে তিনজন মারা গেছেন। চারজন বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। করোনা সংক্রমণ রোধে সবাইকে বাড়িতে অবস্থান ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন।
এদিকে কঠোর লকডাউনের মধ্যেও বাগেরহাট শহরের কাঁচা বাজার, ফলপট্টী, সাধনার মোড়, রাহাতের মোড়সহ বিভিন্ন স্থানে জনসমাগম ছিল। তবে লকডাউন বাস্তবায়নে বাগেরহাট দড়াটানা সেতু টোল প্লাজা, ট্রাফিক মোড়, দশানীসহ বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট রয়েছে।










