দেশের আমদানি-রফতানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে। বন্দরের নিরাপত্তা ও আধুনিকায়নে প্রতিনিয়ত সংযোজিত হচ্ছে নতুন নতুন অত্যাধুনিক টেকনোলজি। এরই ধারাবাহিকতায় এবার যুক্ত হয়েছে চীন থেকে প্রায় ৯০ কোটি টাকায় কেনা দুটি আধুনিক কনটেইনার স্ক্যানার। বন্দরের ১২টি গেটের মধ্যে এতদিন সাতটিতে কনটেইনার স্ক্যানার ছিল। এর মধ্যে পাঁচটি ফিক্সড এবং দুটি ছিল মোবাইল স্ক্যানার। তবে এসব স্ক্যানার দিয়ে শুধু আমদানি পণ্যবাহী কনটেইনার স্ক্যানিং হতো। আধুনিক দুটি স্ক্যানার স্থাপনের মধ্য দিয়ে রফতানি বাণিজ্যে চোরাচালান, মিথ্যা ঘোষণা দিয়ে হাজার কোটি টাকা পাচাররোধ এবং ঝুঁকিপূর্ণ পণ্য শনাক্ত সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের। গতকাল স্ক্যানার উদ্বোধনের পর স্ক্যানিংয়ের মাধ্যমে শুরু হয় কনটেইনার খালাস কার্যক্রম।