৯০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পর্যবেক্ষক কবির আহাম্মদসহ ২৬ জনের নামে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৪ জানুয়ারি) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পূর্ব পরিকল্পিতভাবে ও পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ভুয়া সিভিল ওয়ার্কস কন্ট্রাক্ট এগ্রিমেন্ট দাখিলের মাধ্যমে ৬০০ কোটি টাকা ঋণ অনুমোদন, সেই টাকা নগদে, পে-অর্ডার ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর এবং গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনাদায়ে সুদ ও অন্য চার্জ বাবদ প্রাপ্য ৩০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধনসহ সর্বমোট ৯০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা আত্মসাৎ করেছে অভিযুক্তরা। এ অপরাধে এই ২৬ জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

অভিযুক্তরা হলেন (১) আহমেদ জালাল খান মজলিশ, ব্যবস্থাপনা পরিচালক, ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেড, (২) খাদিজা আক্তার, পরিচালক, ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেড, (৩) মো. হাবিবুর রহমান, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক, ন্যাশনাল ব্যাংক লি., দিলকুশা শাখা, ঢাকা, (৪) আরীফ মো. শহীদুল হক, ডিএমডি ও সাবেক ব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত), ন্যাশনাল ব্যাংক লি., গুলশান শাখা, ঢাকা, (৫) চৌধুরী মোসতাক আহমেদ (ওরফে সি এম আহমেদ), সাবেক ব্যবস্থাপনা পরিচালক (বর্তমানে অবসরপ্রাপ্ত), ন্যাশনাল ব্যাংক লি., (৬) এম এ ওয়াদুদ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, বর্তমানে অবসরপ্রাপ্ত, ন্যাশনাল ব্যাংক লি., (৭) এ এস এম বুলবুল, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও কোম্পানি সেক্রেটারি, বর্তমানে অবসরপ্রাপ্ত, ন্যাশনাল ব্যাংক লি., (৮) আবু রাশেদ নওয়াব, ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান, সিআরএম-১ (বর্তমানে অবসারপ্রাপ্ত), ন্যাশনাল ব্যাংক লি., প্রধান কার্যালয়, ঢাকা: (৯) মনোয়ারা সিকদার, সাবেক পরিচালক, পরিচালনা পর্যদ, ন্যাশনাল ব্যাংক লি., (১০) পারভীন হক সিকদার, সাবেক পরিচালক, পরিচালনা পর্যদ, ন্যাশনাল ব্যাংক লি., (১১) রন হক সিকদার, সাবেক পরিচালক, ন্যাশনাল ব্যাংক লি., (১২) মোয়াজ্জেম হোসেন, পরিচালক, পরিচালনা পর্ষদ, ন্যাশনাল ব্যাংক লি.; (১৩) খলিলুর রহমান, সাবেক পরিচালক, পরিচালনা পর্যদ, ন্যাশনাল ব্যাংক লি.; (১৪) মাবরুর হোসেন, সাবেক পরিচালক, পরিচালনা পর্যদ, ন্যাশনাল ব্যাংক লি.: (১৫) কৌশিক কান্তি পন্ডিত, জনতা হাউজিং, মিরপুর (১৬) সালাহ উদ্দীন খান মজলিশ, ব্যবস্থাপনা পরিচালক, ক্রিস্টাল কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড (১৭) আব্দুর রউফ, পরিচালক, ক্রিস্টাল কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড (১৮) জন হক সিকদার, বেঙ্গল ও এন্ড এম সার্ভিসেস নামীয় কোম্পানীর মালিক, (১৯) সৈয়দ মাহবুব-ই-করিম, মালিক, মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ, (২০) মো. মাহফুজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, সিকোটেক হোল্ডিংস লিমিটেড, (২১) মো. শফিকুল ইসলাম, পরিচালক, সিকোটেক হোল্ডিংস লিমিটেড; (২২) মো. জামিল হুসাইন মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক, টেক ইনটেলিজেন্স লিঃ (২৩) মোহাম্মদ সালাহ উদ্দীন, মালিক: এম এস কন্সট্রাকশন অ্যান্ড ডেভেলপার্স; (২৪) মমতাজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, জুপিটার বিজনেস লি., (২৫) মোসফেকুর রহমান, পরিচালক, জুপিটার বিজনেস লি. এবং (২৬) ড. মো. কবির আহাম্মদ, সাবেক পর্যবেক্ষক, ন্যাশনাল ব্যাংক লি., বর্তমানে ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা: সাবেক মহাব্যবস্থাপক, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক।