নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আগামীকাল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে এই সিরিজটা স্বাগতিক বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিংই বটে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, এবাদত হোসেনের মতো শীর্ষ ক্রিকেটার নেই এই সিরিজে। তবে চ্যালেঞ্জ নয়, বরং সিরিজটি দলের নতুন ক্রিকেটারদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

দুই ম্যাচের এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এর মধ্য দিয়ে চলতি চ্যাম্পিয়নশিপে যাত্রা করবে বাংলাদেশ।

এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন বামহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। আর দলেও আছে একঝাঁক নতুন মুখ। এ দলকে নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘নতুন অধিনায়কের জন্য এটি সুযোগ, নিজের নতুন লিডারশিপ গ্রুপ, নেতৃত্বের ধরন তৈরি করার। তার জন্য এটি যেমন সুযোগ, তেমনি অন্য ক্রিকেটারদের জন্যও। যেভাবে সে (শান্ত) নেতৃত্ব দেয়, তার সঙ্গে মানিয়ে নেয়ার। আমি এসব পরিবর্তন নিয়ে খুবই রোমাঞ্চিত।’

হেড কোচ আরো বলেন, ‘তবে একসঙ্গে এতটা অভিজ্ঞতা হারানো একটা দলের জন্য চ্যালেঞ্জিং। সেটা যেকোনো দলের জন্যই। বিশেষ করে বাংলাদেশের জন্য, কারণ ওরা সব সংস্করণেই বাংলাদেশের হয়ে ১৫ বছরের বেশি সময় ধরে খেলছে। কেউ কেউ ১০ বছর। এর পরও এটা সবার জন্য সামনে তাকানোর সুযোগ, তরুণরা কেমন করে তা দেখার সুযোগ। আমি মনে করি, এটি রোমাঞ্চকর এবং তরুণ কয়েকজনের জন্য সুযোগ নিজের নামে পরিচিত হওয়ার ও লম্বা ক্যারিয়ার গড়ার।’

গত বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। ১৭ টেস্টে কিউইদের মুখোমুখি হয়ে ওটাই ছিল বাংলাদেশের প্রথম জয়। ওই জয়টা চলতি সিরিজে নিশ্চিতভাবেই বাংলাদেশ দলকে অনুপ্রেরণা জোগাবে। 

সিলেটে এ নিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০১৮ সালে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১৫১ রানে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল স্বাগতিকরা।