ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব বেশি খারাপ হয়নি। এ সম্পর্ক আর খারাপের দিকে যাবে না বলে বিশ্বাস করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে কাজ করছেন। তিনি নিজেও ভারতের হাইকমিশনের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছে, সম্পর্ক উন্নয়নে তারাও কাজ করছে। বাইরে হয়তো শোনা যায়, কি না কি হয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি এতটা খারাপ পর্যায়ে যায়নি। তবে কিছু বক্তব্য আছে এগুলো বন্ধ করা কঠিন।
গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘বাণিজ্য ও রাজনীতিকে আলাদাভাবে দেখা উচিত। কূটনৈতিক ক্ষেত্রে কিছু স্পর্শকাতর বিষয় বা বাগাড়ম্বর থাকলেও অর্থনৈতিক স্বার্থে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। বাংলাদেশ সুসম্পর্ক চায় বলে আজকেও ভারত থেকে ৫০ হাজার টন চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ চাল আমদানিতে বাংলাদেশও লাভবান হয়েছে। কারণ ভিয়েতনাম থেকে চাল আনলে প্রতি কেজিতে ১০ টাকা বেশি খরচ হবে। কিছুটা দেরি হলেও ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়া হয়েছে।’










