মাছ ধরার সময় সুন্দরবন থেকে অপহৃত ১১ জেলেকে
উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২১ ডিসেম্বর) ভোরে পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই
রেঞ্জ এলাকায় তাদের সন্ধান পাওয়া যায়। তবে অপহরণের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
শরণখোলা থানা পুলিশ ৩ জন এবং মোংলা থানা পুলিশ
১১ জন জেলেকে উদ্ধার করে।
এর আগে ১৫ ডিসেম্বর বিকেলে সুন্দরবনের চাঁদপাই
রেঞ্জের ধানসাগর স্টেশনের বেড়ির খাল ও হরমল খালে জেলেবহর থেকে ১১ জনকে অপহরণ করে দস্যুরা।
পরে জেলেপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।
শরণখোলা থানা পুলিশের অভিযানে উদ্ধার হয়েছেন
হানিফ হাওলাদার (৪৮), সোহেল মল্লিক (২৮) ও আসাদুল শেখ (৩২)। মোংলা থানা পুলিশের সহায়তা
পেয়েছেন মো. আকরাম হোসেন (৪২), আনিচ শেখ (২২), মো. মিলন শেখ (২৩), মো. রফিকুল ইসলাম
খান (৩৫), শুকুর আলী বেপারি (৩০), মো. মনির বেপারী (৩৬), মো. অলি শিকদার (৪৮), ও মো.
বকতিয়ার বেপারী (৩৫)।
উদ্ধার হওয়া জেলেদের বাড়ি বাগেরহাট জেলার
রামপাল, মোংলা, মোরেলগঞ্জ, সদর ও খুলনার বটিয়াঘাটা উপজেলায়।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন,
জেলেদের অপহরণের খবরে পুলিশ সুন্দরবনে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযান চালিয়ে
মোংলা ও শরণখোলা এলাকা থেকে ১১ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের
পেয়ে পালিয়ে যাওয়ার কারণে কোন বনদস্যুকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকে পুলিশের অভিযান
অব্যাহত রয়েছে।










