করোনা সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটের ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবন পূর্ব বন বিভাগে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। গতকাল সন্ধ্যায় বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, হিরণ পয়েন্ট, হারবাড়িয়া, কটকা, কচিখালীসহ বনের বিভিন্ন স্পটে দর্শনার্থী প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলে, মৌয়ালসহ বনজীবী যারা বনের মধ্যে অবস্থান করছে, তাদেরও লোকালয়ে ফিরিয়ে আনার জন্য বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।










