বিশ্ব মোড়লদের দেয়া মারণাস্ত্রে ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনে মানবতা বিধ্বংসী হত্যাকাণ্ড চলছে। এর বিচার আন্তর্জাতিক আদালতের বিশেষ ট্রাইব্যুনালে করতে হবে। গতকাল সকালে ফিলিস্তিনি নাগরিকদের ওপর দখলদার ইসরায়েলের বর্বরোচিত বোমা হামলা ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। এছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসউদ বলেন, বাংলাদেশের পাসপোর্টে এক্সসেপ্ট ইসরায়েল শব্দটি উঠিয়ে ফেলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মানবতা বিধ্বংসীদের পক্ষে নয়, বাংলাদেশ রাষ্ট্রের শুরু থেকে মানবতার পক্ষে যে অবস্থান ছিল, সেটি ধরে রাখতে সরকারের কাছে আহ্বান জানান বক্তারা।

এছাড়া ইসরায়েলকে সব ধরনের সহায়তা প্রদান বন্ধ রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিসংঘের বয়স যতদিন, ফিলিস্তিনিদের ভূমিতে অবৈধ ইসরায়েলিদের বসতি ততদিন। জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বুলি আওড়ালেও তারা নিন্দা প্রস্তাবেই সীমাবদ্ধ রেখেছে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক সাখাওয়াত হোসেন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউল করিম, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু প্রমুখ। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আশরাফুল ইসলাম খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি ড. সাইয়েদুজ্জামান মিলন। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশ নেন।